'ছাত্রদল করায়' দুই ছাত্রকে হল ছাড়া করল ছাত্রলীগ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১২:০১ এএম

ছাত্রদলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল থেকে দুই ছাত্রকে বের করে দিয়েছে ছাত্রলীগ। তাদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই দুই ছাত্রের নাম রাকিবুল হাসান (রাকিব) ও সুমন। রাকিব দ্বিতীয় বর্ষে ও সুমন প্রথম বর্ষের শিক্ষার্থী।তারা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

তারা জানান, হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফসার হাসান রানার নেতৃত্বে ওই দুই শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়। আফসার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের (ভারপ্রাপ্ত) অনুসারী।  

তারা আরো বলেন, সুমন হলের ১১১ নম্বর ও রাকিব ১১৩ নম্বর কক্ষে থাকতেন। সুমন তার কক্ষে ঘুমিয়েছিলেন। তাকে ঘুম থেকে তুলে হলের তিন তলায় ছাত্রলীগ নেতা আফসারের রুমে ডেকে নিয়ে যায় অপর ছাত্রলীগ নেতা জিসান। সেখানে প্রথমদফায় মারধর করার পর তাকে হলের গেস্টরুম ও হল ছাত্র সংসদের কক্ষে নিয়ে যাওয়া হয়। একই কায়দায় রাকিবকেও রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। হল শাখা ছাত্রলীগের লাভলু, জুয়েল ও জহির তাকে জিজ্ঞাসাবাদ ও ভয়ভীতি দেখান।

রাকিব বলেন, আমকে ঘুম তুলে মারধর করেছে। পরে হল থেকে চলে যেতে বলে। আমি ফেসবুকে বিভিন্ন সময় লেখালেখি করি। নিরপেক্ষ থেকে লেখার চেষ্টা করি। মাঝে মাঝে তা সরকার বা ক্ষমতাসীন দলের বিপক্ষে চলে যায়। 

সুমন বলেন, আমি স্যার এ এফ আর হলের বৈধ শিক্ষার্থী। আমি বৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমাকে এফ আর হলে সিট দেওয়া হয়েছে। তারপরও আমি কেন হলে থাকতে পারবো না? হল কী কোনো ছাত্র সংগঠনের? 

তবে মারধর করার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা আফসার হোসেন রানা। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কে এম গোলাম রাব্বানী ঘটনার বিষয়ে অবহিত হয়েছেন জানিয়ে বলেন, এটা হলের ভেতরকার ঘটনা। এটা হল প্রশাসন দেখবে। তারা যদি কোনো সাহায্য চায়, তাহলে আমরা করব।

হলের প্রধ্যাক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, আজকে আমি সমাবর্তন নিয়ে ব্যস্ত ছিলাম। হাউস টিউটির দিয়ে আমি ঘটনার খোঁজ নিয়েছি। আজ রাত ১০টার সময় সময় সবাইকে নিয়ে মিটিং ডেকেছি। হলে ছাত্ররা বৈধভাবে থাকে, কেউ সন্ত্রাসী কার্যক্রম করে অন্য ছাত্রকে বের করে দিতে পারে না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত