বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) সহকারী ব্যবস্থাপকের (গ্রাহক সেবা) দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১- এর উৎক্ষেপণপরবর্তী কার্যক্রম চালনায় নিয়োজিত রয়েছে বিসিএসসিএল।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুহাম্মদ খুররম শাহ ও সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত
কুমার তালুকদার।
আইনজীবীরা সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর উৎক্ষেপণপরবর্তী কার্যক্রম চালনা, স্থল স্টেশন থেকে উপগ্রহকে নিয়ন্ত্রণ করা, বিপণন ও বিক্রয় সেবার জন্য এই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়। এর আগে এই প্রকল্পে যেসব কর্মকর্তা কর্মরত ছিলেন, তাদের বিদেশে প্রশিক্ষণও দেওয়া হয়। এর মধ্যে কোম্পানি গঠিত হলেও তাদের নিয়োগ না দিয়ে নতুন করে নভেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি হয়। পরে ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন কয়েকজন কর্মকর্তা। আদালত নিয়োগ বিজ্ঞপ্তির সহকারী ব্যবস্থাপক গ্রাহক সেবা ও মনিটরিং অ্যান্ড কন্ট্রোলার অপারেটর নিয়োগের কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, অর্থ সচিব, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
