টাঙ্গাইলে আগুনে ১৪ দোকান ভস্মীভূত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০২:০২ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার একটি বাজারে আগুন লেগে ১৪টি দোকান ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার পাথাইলকান্দি বাজারের হাজী কোরবান আলী মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে বলে বাজার কমিটির দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান।

খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ভূঞাপুরের ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মহিদুর রহমান জানান।

ওই মার্কেটের স্বত্বাধিকারী হাজী কোরবান আলীর দাবি, অগ্নিকাণ্ডে সব মিলিয়ে অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, মার্কেটের নিরাপত্তাকর্মী আব্দুল বারেক ভোরে ফোন করে আগুন লাগার খবর দেয়। বাজার কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াছ আকন্দ তখন বাজারের মসজিদের মাইকের মাধ্যমে এলাকাবাসীর সহযোগিতা চান।

সেই ডাকে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই ১৪টি দোকান পুড়ে যায়।

ভূঞাপুর ফায়ার স্টেশনের ফায়ার লিডার মহিদুর রহমান বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বাজারে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত