হাকিম চত্বরে বইমেলা শুরু

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৩:১৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। এটি আয়োজন করেছে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বইমেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে বলে জানান ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন। তিনি বলেন, ‘মেলায় ৮০টিরও অধিক প্রকাশনী অংশ নিয়েছে। এই বইমেলায় লেখক-পাঠকের মিলনমেলা হোক, এটাই আমাদের প্রত্যাশা। মহান বিজয়ের মাস উপলক্ষে এই বইমেলার আয়োজন করা হলো।’

গতকাল মেলার উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর কোষাধ্যক্ষ ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলি রুবায়াতুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাকসুর সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়নসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত