সর্বোচ্চ আদালতের এজলাসে বসছে সিসি ক্যামেরা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৭ এএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে (প্রধান বিচারপতির এজলাস) প্রথমবারের মতো স্থাপন করা হচ্ছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। গতকাল মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এজলাসের ভেতরে বিভিন্ন প্রা‡ন্ত আটটি সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছিল।

গত ৫ ডিসেম্বর সর্বোচ্চ আদালতের এজলাসে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মামলায় জামিন শুনানিকালে দফায় দফায় হট্টগোল, হইচই করেন দলটির সমর্থক আইনজীবীরা। উদ্ভূত পরিস্থিতিতে প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিরা একবার এজলাস ছেড়ে চলেও যান। প্রায় সাড়ে তিন ঘণ্টা আপিল বিভাগে আইনজীবীদের হট্টগোল ও হইচই চলে। ওই ঘটনার পাঁচ দিন পর আপিল বিভাগে সিসি ক্যামেরা বসানো হলো। ইতিমধ্যে সর্বোচ্চ আদালতে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বিএনপি সমর্থক আইনজীবী জয়নুল আবেদীন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন প্রশ্নে শুনানির জন্য দিন ধার্য ছিল ৫ ডিসেম্বর। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন খালেদার স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রতিবেদন আসেনি জানিয়ে শুনানির জন্য সময়ের আরজি জানান। এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির আপিল বিভাগ এক আদেশে কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেয়। পাশাপাশি শুনানির জন্য পরদিন ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) ধার্য রাখেন।

এরপর বিএনপিপন্থি তরুণ আইনজীবীরা হট্টগোল, হইচই শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে আবার আদালত বসলে একই অবস্থা চলে। এ সময় বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে শুনানির তারিখ এগিয়ে আনতে মৌখিক আবেদন করলেও আদালত তা নাকচ করে। প্রধান বিচারপতি এ সময় বলেন, ‘বাড়াবাড়ির একটা সীমা আছে। আজকে কোর্টে যা হয়েছে এমন পরিস্থিতি দেখিনি।’ 

এই সময় থেকে বিএনপি সমর্থক আইনজীবীদের স্লোগান আর হট্টগোলে দুপুর সোয়া ১টা পর্যন্ত অন্য মামলার শুনানি প্রায় পুরোটাই ব্যাহত হয়। এই দীর্ঘ সময় বিএনপিপন্থি আইনজীবীরা আপিল বিভাগের এজলাসেই অবস্থান নেন। তারা দফায় দফায় খালেদা জিয়ার জামিন ও মুক্তি চেয়ে রাজনৈতিক স্লোগান দেন। আদালত থেকে বেরিয়ে বিএনপি ও আওয়ামী সমর্থক আইনজীবীরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও স্লোগান দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত