লক্ষ্যটা একেবারে সহজ ছিল না। কিন্তু ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটনের দারুণ ব্যাটিংয়ে লক্ষ্যে পৌঁছাতে তেমন বেগ পেতে হলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারকে অনায়াসে হারাল দলটি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দিনের প্রথম ম্যাচে সিলেটকে ৫ উইকেটে হারায় চট্টগ্রাম। এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
দলের জয়ে বড় অবদান ইমরুলের। ৩৮ বলে দুই চার ও পাঁচ ছক্কায় ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি বেশ কিছুদিন ধরে চলতে থাকা রানের খরা কাটালেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ৩০ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন উইন্ডিজ ব্যাটসম্যান ওয়ালটন। অন্যদের মধ্যে ওপেনার আভিস্কা ফের্নান্দো ৩৩ রান করেন।
সিলেটের বোলারদের মধ্যে দুটি উইকেট নেন নাজমুল ইসলাম। একটি করে উইকেট নেন ক্রিশমার সান্টোকি, এবাদত হোসেন ও মোসাদ্দেক হোসেন।
এর আগে নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেটে ১৬২ রান করে টসে হারা সিলেট। এই সংগ্রহে বড় অবদান মিঠুনের। ৮৪ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। তার ৪৮ বলের বলের ইনিংসটিতে রয়েছে চার চার ও পাঁচটি ছক্কার মার।
অন্যদের মধ্যে ২৩ বলে ৩৫ রান করেন ওপেনার জনসন চার্লস। ২৯ রান করেন সিলেটর অধিনায়ক মোসাদ্দেক।
চট্টগ্রামের বোলারদের মধ্যে সবচেয়ে সফল পেসার রুবেল হোসেন। ২৭ রানে দুটি উইকেট নেন তিনি। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রায়াদ এমরিট।
