কেরানীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ড: শ্বাসনালি পুড়ে গেছে ৩৫ জনের

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১০:৪৩ পিএম

ঢাকার কেরানীগঞ্জে চুনকুটিয়ার হিজল তলায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশ জনের অবস্থাই আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। জানিয়েছেন, এই ব্যক্তিদের সর্বনিম্ন ৩০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে।

র‌্যাব ১০ সিপিসি ২ মেজর মো. শাহরিয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বুধবার বিকেল ৪টায় হিজলতলায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে ওয়ান টাইম খাবার প্লেট, গ্লাসসহ বিভিন্ন আইটেম তৈরি করা হতো। আশপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পরে।

ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেন। এ ছাড়া স্থানীয় র‌্যাব পুলিশসহ প্রশাসনিক কর্মকর্তারাও সেখানে উপস্থিত হয়ে আগুন নেভাতে ও উদ্ধারকাজে অংশ নেন।  

এর আগে চলতি বছর ২৫ এপ্রিল কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বছর ও এই একই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিবছরই এই কারখানায় আগুনের ঘটনা ঘটে। ঘনবসতিপূর্ণ এলাকায় এমন একটি কারখানায় বারবার আগুন লাগার পরে কেন ব্যবস্থা নেয়া হয় না তা জনসাধারণের মনে প্রশ্নের জন্ম দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত