অবশেষে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস মালিক-শ্রমিকরা। গতকাল বুধবার সকালে বিআরটিসি বাস বন্ধ রেখেই নেত্রকোনা আন্তঃজেলা টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল শুরু হয়েছে। বিআরটিসির ওই বাসগুলো ময়মনসিংহ ডিপোতে রাখা হয়েছে।
এর আগে বিআরটিসি বাস বন্ধের দাবিতে গত সোমবার বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে ধর্মঘটের ডাক দেয় ময়মনসিংহ উত্তরাঞ্চল মালিক-শ্রমিক সমিতি। মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিক নেতারা। পরে বুধবার সকাল থেকেই বাস চলাচল স্বাভাবিক হয়।
গত রবিবার সকালে নেত্রকোনা টিঅ্যান্ডটি মোড়ে বিআরটিসির ১০টি দ্বিতল বাসের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান মিয়া। ওইদিন সন্ধ্যা থেকেই বিআরটিসি বাস বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেয় বাস মালিক-শ্রমিকরা। এর প্রতিবাদে সোমবার বেলা ১১টায় মোক্তারপাড়া পৌরসভার মোড়ে বিক্ষোভ-সমাবেশ করে সাধারণ জনতা।
