গাজীপুরে এক স্বজনের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ঢাকার কিশোরী দুই বোন। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে মো. শরীফ (২২) ও মো. মমিন মিয়া (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করে র্যাব। রাজশাহীতে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে (১৮) যৌন হায়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার গভীর রাতে ফজলুর রহমান (৩৭) নামে বাসটির সুপারভাইজারকে গ্রেপ্তার করে পুলিশ। লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রবিউল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রবিন (১৯) ও কালাম (৩০)
নামে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে সোনারগাঁয়ের অলিপুরা এলাকা থেকে গত মঙ্গলবার রাতে সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী জীবন মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিতÑ
গাজীপুরে দুই বোনকে দলবদ্ধ ধর্ষণ : গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকায় দুই সহোদর কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে মো. শরীফ ও মো. মমিন মিয়া নামে ওই দুজনকে গ্রেপ্তার করে র্যাব-১-এর সদস্যরা।
র্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজার এলাকায় তাদের ফুফাতো ভাই মো. জয়নাল মিয়ার সঙ্গে দেখা করতে আসে দুই কিশোরী। পরে মো. নাঈম (২২), মো. রাসেল (২৩), মো. মমিন মিয়া (২৪) ও মো. শরীফসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন ভুক্তভোগীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করে।
গাজীপুর পোড়াবাড়ি র্যাব-১-এর কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে জানান, ভুক্তভোগী দুই বোন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেছে।
রাজশাহীতে কলেজছাত্রীকে যৌন হয়রানি : রাজশাহীতে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গত সোমবার রাতে বাসটির সুপারভাইজার ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মতিহার থানার ওসি মাসুদ পারভেজ দেশ রূপান্তরকে জানান, ভুক্তভোগী ওই কলেজছাত্রীর বাড়ি লক্ষ্মীপুরে। রাজশাহীতে বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশে সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর বাসস্ট্যান্ড থেকে আকিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে চড়ে সে। বাসটি নাটোর পার হওয়ার পর যাত্রীশূন্য হয়ে যাওয়ায় জোরপূর্বক তার শরীরে হাত দেয় সুপারভাইজার ফজলুর রহমান। রাত দেড়টার দিকে রাজশাহীর বিনোদপুরে মেয়েটির চিৎকার শুনে বাসটির গতিরোধ করে স্থানীয়রা।
সিদ্ধিরগঞ্জে প্রেমিকাকে ধর্ষণ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬ বছরের এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে গত মঙ্গলবার গভীর রাতে প্রেমিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো রবিন ও কালাম।
মামলার এজাহারে বলা হয়েছে, নগরীর মিজমিজি চৌধুরীবাড়ি এলাকার একটি মশার কয়েল তৈরির কারখানার শ্রমিক ওই তরুণীর সঙ্গে একই এলাকার অটোরিকশা চালক রবিন প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত সোমবার রাতে ঘুরতে যাওয়ার কথা বলে ওই তরুণীকে পাইনাদী উত্তরপাড়ায় একটি বিলে নিয়ে ধর্ষণ করে রবিন ও তার সহযোগী কালাম।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ : সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী জীবন মিয়া নামে এক যুবককে গত মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব-১১-এর একটি দল।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপউদ্দিন জানান, গত সোমবার দুপুরে জীবন মিয়া শিশুটিকে তার বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ কথা প্রকাশ না করার জন্য শিশুটিকে ভয়ভীতিও দেখায় সে। একপর্যায়ে শিশুটি তার বাবার কাছে সবকিছু খুলে বলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রামগঞ্জে গৃহবধূকে ধর্ষণ : লক্ষ্মীপুরের রামগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রবিউল হোসেন নামে এক যুবককে গত মঙ্গলবার রাতে আটক করেছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, গত সোমবার ভোরে ফজরের নামাজের অজু করতে ঘরের বাইরে বের হন ওই গৃহবধূ। এ সময় আগে থেকেই ঘটনাস্থলে ওঁৎ পেতে থাকা রবিউল ও তার বন্ধুরা মিলে জোরপূর্বক উঠিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় রবিউলের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা হয়েছে। গতকাল বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
