১৭ কোটি টাকা জরিমানা দিলেন ট্রাম্প

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০১:২৫ এএম

অভিশংসন ইস্যুতে বেশ চাপে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সংকটের মুখোমুখি হয়েছেন। নিজের নামের ফাউন্ডেশনের তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে তাকে গুনতে হয়েছে ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা।

দেশটির সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালত গত মাসে ট্রাম্পকে এই জরিমানা করে। ২০১৮ সালে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তিনি নিজের স্বার্থে ফাউন্ডেশনের অর্থ ব্যয় করছেন। ডোনাল্ড জে ট্রাম্প ফাউন্ডেশন থেকে অবৈধভাবে অর্থ নিয়ে তিনি নিজের প্রতিকৃতি কিনেছিলেন, ব্যবসায়ের আইনিবিষয়ক অর্থ পরিশোধ করেন এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রচারাভিযানের জন্য ব্যয় করেন।

নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের দেওয়া তথ্য অনুযায়ী, জরিমানার ২০ লাখ ডলার আটটি দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করা হয়েছে। এ ছাড়া ফাউন্ডেশনের বাকি ১৮ লাখ ডলারও ওই আটটি দাতব্য প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রত্যেকে ৪ লাখ ৭৬ হাজার ১৪০ ডলার করে পেয়েছে।

লেটিশিয়া জেমস বলেন, ‘তহবিল অবশেষে ওই আট দাতব্য প্রতিষ্ঠানে গেছে, যেখানে যাওয়ার কথা ছিল। আমার কার্যালয় জবাবদিহির পক্ষে লড়াই চালিয়ে যাবে, কারণ, কেউ আইনের ঊর্ধ্বে নয় ব্যবসায়ী নয়, কোনো প্রার্থী নয়, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নয়।’

এদিকে জরিমানার বিষয়ে ট্রাম্প ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফাউন্ডেশনের তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগ ওঠার পর গত বছর ট্রাম্প ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত