চট্টগ্রাম কাউন্সিলর কাদেরের প্রতিবাদ প্রতিবেদকের বক্তব্য

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০২:৪৪ এএম

দৈনিক দেশ রূপান্তরে গত ১০ ডিসেম্বর ‘কুলির আয়েও ভাগ বসান মাছ কাদের’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল কাদের। এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘প্রকাশিত সংবাদে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আগামী সিটি করপোরেশন নির্বাচনকে টার্গেট করে আমার প্রতিপক্ষ সম্ভাব্য প্রার্থীরা উদ্দেশ্যমূলকভাবে প্রতিবেদককে মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে বিভ্রান্ত করেছেন। আমার বংশের ও আমি কখনো মাছ ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না। এলাকায় জমি দখল, টেন্ডারবাজি বা মাদক ব্যবসার সঙ্গেও আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করায় ঈর্ষান্বিত ও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একটি মহল আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।’

কাউন্সিলর কাদের আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করে আমি প্রশাসনকে দিয়েছি। এতে তারা ক্ষুব্ধ হয়ে আমার এবং আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথাবার্তা ছড়াচ্ছে। বাংলাবাজার ঘাটে আমি শ্রমিক সরবরাহ করি, যা আমার ব্যবসা। শ্রমিকদের মজুরি থেকে কোনো কমিশন নেওয়ার প্রশ্নই ওঠে না। কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এসব অভিযোগ করা হয়েছে। আমার বিশ্বাস রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাই এমন সংবাদ তৈরির নেপথ্যে ছিলেন। ভোটের মাধ্যমে আমাকে পরাজিত করতে না পেরে এখন অপকৌশলের আশ্রয় নিয়েছেন তারা।’

প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত সংবাদটি ভুক্তভোগী লোকজনের ভাষ্য ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া অভিযোগ যাচাই-বাছাই করেই তৈরি করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত প্রতিটি অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয়েছে। এছাড়া অভিযোগের বিষয়ে নগর পুলিশেরও বক্তব্য রয়েছে। স্থানীয়দের বক্তব্য ও অভিযোগের বাইরে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত