মানিকগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০৩:১৭ এএম

মানিকগঞ্জের সদর উপজেলায় বিপ্লব হোসেন (৩২) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ৩টার দিকে কাটিগ্রাম বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাজারের ৩ নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।

চাঁদপুরের হাজীগঞ্জে মো. জাহিদ হাসান (৩০) নামে এক জাহাজশ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে অপর এক শ্রমিকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আলীগঞ্জ এলাকায় ডাকাতিয়া নদীতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মাইনুদ্দিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মানিকগঞ্জের ঘটনায় আটকরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পাখি মিয়া, সদর উপজেলার দয়ারামপুর গ্রামের দ্বীনবন্ধু ও ঢাকার ধামরাই উপজেলার ফজলুল হক।

পুলিশ জানায়, বুধবার রাতে চোর সন্দেহে বিপ্লবকে মারপিট করেন বাজারের চার নৈশপ্রহরী। এতে গুরুতর আহত হন বিপ্লব। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথেই বিপ্লবের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে পাখি নামে এক প্রহরীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাটিগ্রাম বাজার থেকে দ্বীনবন্ধু ও ফজলুলকে আটক করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হানিফ সরকার দেশ রূপান্তরকে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চাঁদপুরে নদীতে ফেলে শ্রমিক হত্যা : চাঁদপুরের হাজীগঞ্জে জাহাজ থেকে ধাক্কা দিয়ে মো. জাহিদ হাসান নামে এক শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আলীগঞ্জ এলাকায় ডাকাতিয়া নদীতে ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাইনুদ্দিন নামে অপর এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইনুদ্দিন ও জাহিদ দুজনই জাহাজে শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার সকালে একটি কার্গো জাহাজ থেকে সিমেন্টের বস্তা নামানোর সময় হঠাৎই তাদের দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে সেটি হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে জাহিদকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন মাইনুদ্দিন। এতে পাশে থাকা অন্য একটি কার্গোর সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান জাহিদ। একটা সময় পর পানিতে ডzবে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে তার লাশ উদ্ধার করে।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি দেশ রূপান্তরকে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত