স্প্যানিশ লা লিগায় শনিবার পয়েন্ট হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের মাঠে রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ পর্যন্ত ২-২ এ ড্র নিয়ে ফিরতে হয়েছে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের।
ম্যাচের মাত্র ১২ মিনিটে মাইকেল ওয়ারজাবাল পেনাল্টি থেকে সোসিয়েদাদকে লিড এনে দেন। অবশ্য প্রথমার্ধেই সমতা এনেছিল বার্সা। আঁতোয়ান গ্রিজমান ৩৮ মিনিটে সমতাসূচক গোলটি করেন।
বিরতি থেকে ফিরে দ্রুতই লিড নিয়ে নেয় আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। ৪৯ মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি আসে সুয়ারেজের পা থেকে। গোলরক্ষককে একা পেয়ে নিজে গোল না করে সুয়ারেজকে দিয়ে গোলটি করান মেসি।
কিন্তু ৬২ মিনিটে ইসকা গোল করে সমতা আনেন সোসিয়েদারের পক্ষে। এরপর বাকি সময় আর গোল করতে পারেনি বার্সা।
আসলে ম্যাচটা দাপট দেখিয়েছে সোসিয়েদাদই। ৫৩ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে। বার্সার গোলমুখে ১৯বার শট নিয়েছে।
বার্সার পরের ম্যাচ বুধবার রিয়াল মাদ্রিদের সঙ্গে, যারা রবিবার মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার। এল ক্লাসিকোর আগে তাই পয়েন্ট হারানোর একটা বেদনা থাকল বার্সার। এদিকে ভ্যালেন্সিয়াকে হারাতে পারলে রিয়ালের সামনে সুযোগ বার্সাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে ওঠার।
