এমপি রবির অ্যাম্বাসেডর আকাশ ইসলাম গ্রেপ্তার, পর্নোগ্রাফি আইনে মামলা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৮ পিএম

পৃথক দুটি ঘটনায় দুই জনপ্রতিনিধিকে নগ্ন করে নারীর সঙ্গে ভিডিও ধারণের অভিযোগে দায়েরকৃত মামলায় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির অ্যাম্বাসেডর (আমার এমপি ডট কম) ও জয়যাত্রা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি আকাশ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে আকাশ ইসলাম। মামলার অপর আসামিরা হলেন- বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, যুবলীগ নেতা তুহিনুর রহমান তুহিন ও সম্প্রতি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দীপ।

আদালত সূত্র জানায়, সাতক্ষীরা থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা উভয় মামলার বাদী দুজন জনপ্রতিনিধি।

মামলার এজাহারে একজন জনপ্রতিনিধি বলেন, আসামিরা তাকে এমটি রুমে ঢুকিয়ে জোরপূর্বক নগ্ন করে এক নারী সঙ্গে ভিডিও তুলে টাকা আদায়ের চেষ্টা করে। এই মামলায় উল্লেখিত পাঁচজনকেই আসামি করা হয়েছে।

আরেক মামলার বাদী অপর জনপ্রতিনিধির এজাহারে বলা হয়, একইভাবে তাকে নগ্ন করে ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে থেকে ৪ লাখ টাকা আদায় করা হয়েছে। এই মামলার আসামি আকাশ ও সাদিক। এর মধ্যে আকাশ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

এ ব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎমিশ জানান, গ্রেপ্তারকৃত আসামি আকাশ ইসলামের নিকট থেকে বেশ কিছু পর্নোগ্রাফি উদ্ধার করা হয়েছে। আকাশ ইসলাম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে তিনি জানান ।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষকে প্রতারণার মাধ্যমে ভিডিও ধারণ করে অর্থ আদায় করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত