অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালের স্পোর্টস কিট পড়ে আছে। অন্য সবার সঙ্গে। মাঠে। খোলা। কিন্তু দুজনের কেউ মাঠে নেই। তামিম জ্বর নিয়ে ঢাকায় হাসপাতালে ছিলেন ভর্তি। গতকাল ফিরেছেন। মাশরাফী কোথায়? যেখানে টানা
তৃতীয় জয় তুলে নেওয়ার ম্যাচ পরের দিন। অনুশীলনে ব্যস্ত দল। ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিন চিন্তিত তামিমকে ছাড়া চট্টগ্রাম পর্ব শুরু করার সময়টায়। সমস্যা আরও আছে।
এমএ আজিজ স্টেডিয়ামে সকালের অনুশীলনের শেষটায় সালাউদ্দিন অবশ্য মাশরাফীকে নিয়ে আশ^স্ত করলেন। এর মধ্যে ৩ উইকেট নেওয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের প্রসঙ্গে বললেন, ‘এখন তার যেটা করা দরকার সে সেটা করছে। জিম করছে সুইমিং করছে। আমার মনে হয় তার ফিটনেস নিয়ে আসাটা খুব বেশি জরুরি। মাঠে না দেখে আপনারা মনে করবেন না, সে মাঠের মধ্যে নেই। সে অনেক জড়িত আছে।’
তামিমের অনুপস্থিতিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়ে এবারের বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু করতে হচ্ছে ঢাকা প্লাটুনকে। ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। ‘তামিম না থাকা তো যে কোনো টিমের জন্যই অনেক বড় ক্ষতি।’ সালাউদ্দিন বললেন, ‘কারণ সে আমাদের প্রধান ব্যাটসম্যান এবং রানের মধ্যে ফিরেছিল অনেক দিন পর। তাকে তো অবশ্যই আমরা মিস করব।’ তিন ম্যাচে যথাক্রমে ৫, ৭৪ ও ৩৯ রানের ইনিংস খেলা তামিমের জায়গা নেবেন কে? কোচ তা জানালেন না। জ্বরের কারণে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তামিমের জায়গায় মাঠে নামতে পারেন তিনি। পেসার হাসান মাহমুদ তেমন সুস্থ নন। পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ ফিরে গেছেন। জাতীয় দলের বাইরে থাকা পেসার মোহাম্মদ শহীদকে নিয়েছে ঢাকা।
×
