একনেকে ৯ প্রকল্প অনুমোদন

ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসনে ব্যয় বাড়ল ৭৮৩ কোটি টাকা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:১৪ এএম

মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নোয়াখালীর ভাসানচরে নির্মিতব্য আশ্রয়ণ প্রকল্পের ব্যয় বাড়ল। চলমান এই প্রকল্পের সংশোধনী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাস হয়েছে। এই প্রকল্পের মূল ব্যয় ছিল ২ হাজার ৩১২ কোটি টাকা। সংশোধনের ফলে বরাদ্দ বাড়ল ৭৮২ কোটি ৮০ লাখ টাকা। এতে প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫ কোটি টাকা। সভায় মোট ৯ প্রকল্পের চ‚ড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩ হাজার ২২৬ কোটি ৭৫ লাখ টাকা, এর পুরোটাই বাংলাদেশ সরকার অর্থায়ন করবে। সভায় বরিশাল সিটি করপোরেশনের উন্নয়নে ১১০০ কোটি টাকা ব্যয় সংবলিত প্রস্তাবিত প্রকল্প অনুমোদন পায়নি।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘জেটি নির্মাণ, জাতিসংঘ কর্মকর্তাদের জন্য আবাসন ভবন ও কালভার্ট নিমার্ণসহ বেশ কিছু বিষয় নতুন করে যুক্ত হওয়ায় এ প্রকল্প সংশোধন করা হয়েছে। প্রথমবার সংশোধনী করা এ প্রকল্পের ব্যয় বেড়ে গেছে ৭৮২ কোটি ৮০ লাখ টাকা। তিনি বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরে এক লাখ রোহিঙ্গার পুনর্বাসন ও বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তুলতে অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। এজন্য বনায়নসহ দ্বীপটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির (এএফআইপি) সম্পªসারণ ও আধুনিকায়ন’ অনুমোদন হয়েছে। চলতি বছর থেকে ২০২২ সালের জুন মেয়াদে ২৪০ কোটি ২৭ লাখ টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্যাথলজিক্যাল পরীক্ষায় আধুনিক পদ্ধতি প্রয়োগের পথ সুগম করবে এএফআইপি। প্যাথলজিক্যাল পরীক্ষায় এটা সবার জন্য উন্মুক্ত থাকবে।’ তিনি আরও বলেন, ‘প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্য ও দেশের অন্যান্য নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের নিমিত্তে প্যাথলজিক্যাল পরীক্ষা এবং রোগ নির্ণয়ের আধুনিক পদ্ধতি প্রয়োগ হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্ধারিত মূল্যে ল্যাবরেটরি পরীক্ষাসহ অন্যান্য জনসাধারণকে অন্যান্য সেবা দেওয়া হবে।

পরিকল্পনামন্ত্রী জানান, বরিশাল সিটি করপোরেশনের রাস্তাঘাট ও জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে ১১০০ কোটি টাকা ব্যয় সংবলিত প্রকল্প বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পের ১১০০ কোটি টাকার মধ্যে ৯৯০ কোটি সরকারের নিজস্ব ও ১১০ কোটি বরিশাল সিটি করপোরেশন দিতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, বরিশাল একটি নতুন সিটি করপোরেশন। এটির জন্য এত বেশি টাকা বরাদ্দ দেওয়া সমীচীন হবে না। প্রকল্পটি আরও রিভিউ হওয়া দরকার।

এম এ মান্নান বলেন, প্রকল্পের কোনো কম্পোনেন্ট বাতিল হবে না। কিন্তু ব্যয় কীভাবে কমিয়ে আনা যায়, সেটা দেখার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

খাদ্যশস্যের পুষ্টিমান নিশ্চিত করার লক্ষ্যে প্রিমিক্স কার্নেল মেশিন ও ল্যাবরেটরি স্থাপন এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে ৬৬ কোটি ৭৭ লাখ টাকা। শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প পাস হয়েছে। এর খরচ ধরা হয়েছে ৫৩৩ কোটি টাকা। অনুমোদন পাওয়া অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে– দিঘলিয়া-আড়yয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের প্রথম কিলোমিটারে ভৈরব নদের ওপর  ভৈরব সেতু নির্মাণ প্রকল্প, এতে ব্যয় হবে ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা। সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট- শেরপুর এবং সিরাজগঞ্জ-ধুনট মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৮৮ কোটি ৬৫ লাখ টাকা। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন ও এমপি হোস্টেল আনুষঙ্গিক স্থাপনার নির্মাণ ও আধুনিকায়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩৩ কোটি ৯২ লাখ টাকা। রেলওয়ের পূর্বাঞ্চলে লেভেল ক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্পের ব্যয় হবে ২৩ কোটি ৯১ লাখ টাকা। রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৪৪ কোটি ৪৪ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত