জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে হলে সুস্থ সংস্কৃতিচর্চার বিকল্প নেই মন্তব্য করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, যে মানুষ সংগীতকে লালন, ধারণ ও চর্চা করতে পারেন, তিনি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা নিজেকে জড়াবেন না। সা¤প্রদায়িকতার বিষবাষ্প থেকে নিজেকে দূরে রাখতে পারেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ‘২৫ বছর পূর্তি ও বার্ষিক সংগীত উৎসব ২০১৯’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ. ম. রেজাউল করিম বলেন, এই মানব সমাজে সাম্প্রদায়িকতা এবং নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় থেকে ফিরে আসা আজ অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবতার জন্য, মনুষ্যত্ব ও সুকুমার বৃত্তির বিকাশের জন্য সংগীতের প্রয়োজন। অসাম্প্রদায়িক, সমৃদ্ধ, আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়তে অপার সম্ভাবনার মোহনীয় তান জোগাতে পারে সংগীত। তবে অপসংস্কৃতি যেন আমাদের গ্রাস করতে না পারে, সে জন্য বাঙালির নিজস্ব জারি, সারি, ভাটিয়ালি, কবিগান, পটগান– এসব গানকে জাগ্রত করতে হবে।
