বলিউড অভিনেতাদের পর টলিউডের শিল্পীরা ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব হয়েছেন। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, পরিচালক অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়রা জানিয়েছেন এই আইনের বিরুদ্ধে তারা।
স্বস্তিকা তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন এভাবে, ‘আর কেউ না হলেও ছাত্ররা এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
পরমব্রত তো ভারতকে ‘হীরক রাজার দেশ’ আখ্যা দিয়েছেন।
সৃজিতের কথায়, ‘দেশের ছাত্রসমাজের উপর এরকম নৃশংস আক্রমণের তীব্র নিন্দা করছি।’
সংশোধিত আইনে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পারসি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে প্রতিবেশী দেশ থেকে যাওয়া মুসলিমদের বিষয়ে কোনো উল্লেখ নেই।
পশ্চিমবঙ্গসহ তিনটি রাজ্য এই নতুন আইন কার্যকর করতে রাজি হয়নি। ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য বলছে, রাজ্যগুলোর পক্ষে এটি কার্যকর না করার কোনও সুযোগ নেই।
