বেপরোয়া চালক: দুই বাসের সংঘর্ষে ঝরল ৪ প্রাণ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৫ পিএম

বুধবার বিকেলে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।

এদের মধ্যে থেকে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অন্যরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকার বাসিন্দা ফরমান মন্ডল।

এ সময় দুর্ঘটনা কবলিত ঢাকা থেকে আসা লালন পরিবহনের যাত্রী আলম হোসেন জানান, লালন পরিবহনের এই বাসটি সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসে। চালক শুরু থেকে বেপরোয়া ছিলেন। পথে গোয়ালন্দ মোড় এলাকায় আসলে একবার পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেন। এরপর পুলিশ বাসটিকে প্রায় এক ঘণ্টা আটকে রাখে। এরপর দুর্গাপুর এসে এই ঘটনা ঘটে। তিনি দাবি করেন নিহত ব্যক্তি ফরমান মন্ডল তার শ্বশুর।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজবাড়ীর উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দ্দার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লালন পরিবহন রাজবাড়ীর দুর্গাপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা আরিফ এক্সক্লুসিভ নামের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান জানান, আহতদের মধ্যে থেকে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা গেছেন। গুরুতর অবস্থায় ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো রাজবাড়ী হাসপাতালে ১৫ জন ভর্তি আছেন। হাসপাতালে সবাইকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, যাদের ফরিদপুর পাঠানো হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত