অফিস ‘ফাঁকি’ দিয়ে কমোডে ঝিমুনির দিন শেষ!

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৪৪ এএম

কর্মীরা শৌচালয়ে প্রয়োজনের চেয়ে বেশি সময় কাটিয়ে দেন বলে অনেক অফিসেই অভিযোগ ওঠে। অনেকের আবার কমোডে বসে ঝিমুনি আসে বলে বেশি সময় লেগে যায়। এমন আয়েশের দিন ফুরিয়ে আসছে বলেই ধারণা করা হচ্ছে।

ব্রিটেনের স্ট্যান্ডার্ড টয়লেট নামে একটি সংস্থা তৈরি করেছে এমন এক কমোড, যাতে বেশিক্ষণ বসে থাকা যাবে না। এটি মূলত অফিস ও পাবলিক টয়লেটে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। টয়লেটটির নকশা তৈরি করেছেন মহাবীর গিল নামে এক ভারতীয়।

মহাবীর জানান, অনেক সময় পাবলিক টয়লেটের বাইরে দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়।

ভেতরে যিনি রয়েছেন, তিনি হয়তো সেখানে ঘুমিয়ে পড়েছেন। আর বাইরে লাইন লম্বা হয়েই চলেছে। অনেকে আবার অফিস ফাঁকি দিতে টয়লেটে ঢুকে কিছুক্ষণ ঝিমিয়ে নেন। তারই সমাধান ভাবতে ভাবতে মাথায় আসে, এমন একটি কমোড বানানোর কথা, যাতে বেশিক্ষণ আরাম করে বসতে না পারে।

মহাবীর যে কমোডটি ডিজাইন করেছেন সেটি পেছন থেকে সামনের দিকে ১৩ ডিগ্রি ঢালু।

পরীক্ষায় দেখা গেছে, এই কমোডে ১৫ মিনিটের বেশি বসে থাকলে পা ব্যথা করবে। মহাবীর জানান, তারা সব পাবলিক টয়লেটে এই কমোড ব্যবহারের আবেদন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত