‘লিফটে আটকে পড়ার অভিজ্ঞতা খুবই ভয়ঙ্কর ছিল’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৩ পিএম

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর সম্প্রতি লিফটে আটকে পড়েছিলেন। প্রায় ৩০ মিনিটের মতো লিফটে আবদ্ধ অবস্থায় ছিলেন।

শাবনূর জানান, ১৭ ডিসেম্বর ওনার জন্মদিনের রাতে একটি দাওয়াতে অংশ নেওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছিলেন। নিজের ইস্কাটনের বাসা থেকে বের হওয়ার সময় বাসার লিফটে আটকে পড়েছিলেন।প্রায় ৩০ মিনিটের মতো পরিবার ও বন্ধুদেরসহ লিফটে আটকে ছিলেন তিনি।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে জন্মদিন উপলক্ষে গুলশানে একটি দাওয়াতে যাওয়ার সময় ইস্কাটনের বাসার ছয়তলা থেকে বের হতে গিয়ে লিফটে আটকা পড়েন তারা। এ সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটা পর্যায়ে সবাই বের হয়ে আসেন।

শাবনূর বলেন, ‘লিফটে আটকে পড়ার অভিজ্ঞতা খুবই ভয়ঙ্কর ছিল। আমার বান্ধবী তো কেঁদেই ফেলেছিল।লিফটে যারা ছিলাম সবাই খুব আতঙ্কের মধ্যে ছিলাম। যদিও শুরুতে মনে হয়েছিল শিগগিরই বেরিয়ে যেতে পারব।কিন্তু শেষ পর্যন্ত প্রায় আধা ঘণ্টা লেগে যায় লিফট থেকে বেরিয়ে আসতে।’

এদিকে দীর্ঘদিন পর শাবনূর আবারও ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন। জাজ মাল্টিমিডিয়ার একটি নতুন সিনেমায় কাজ করার ভেতর দিয়ে আবারও কাজে ফিরছেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত