ব্যান্ডটার নাম ‘ভাঙ্গা মূর্তির কিচিরমিচির’। অনেক দিন ধরেই তারা নিজেদের মৌলিক গান সৃষ্টি আর শো-এর মাধ্যমে প্রস্তুত করেছে নিজেদেরকে। এবার তারা তৈরি করল নিজেদের প্রথম অ্যালবাম ‘ভাবছ কী এত?’। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নিজেদের ইউটিউব চ্যানেলসহ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে অ্যালবামটি। অ্যালবামে রয়েছে ১০ টি মৌলিক গান, একটি ইংরেজি ট্র্যাক ও একটি ইন্সট্রুমেন্টাল ট্র্যাক।
ব্যান্ডটির প্রধান ভোকাল শাম আহমেদ জানান “গানগুলি শোনা যাবে অ্যাপল মিউজিক, আইটিউনস, অ্যামাজন, ন্যাপস্টার, গুগল প্লে, প্রভৃতি আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্ল্যাটফর্মগুলি থেকে গানগুলি পাওয়া যাবে। এছাড়াও সাভান ও গানা অ্যাপস থেকে গানগুলি স্ট্রিমিং এর মাধ্যমে শোনা যাবে। এছাড়াও ইউটিউব ও স্পটিফাই থেকে বিনামূল্যে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে গানগুলি শোনা যাবে।’’
শাম আরও জানান, দশটি মৌলিক গান হচ্ছে, ভাবছ কী এত?, আরে বাবা চললে কোথায়, মনুষ্য- মূর্তি, সাইকেল করে বেড়াই ছুটে, অই যে দেখো, শেলস, ডিম পোচের সন্ধানে, কাঁদছ কেন?, এই যে এখন শোনো, মৃত্যুর গন্ধ, নস্টালজিয়া, আর কত?
সবগুলি গানের কথা লিখেছেন ও সুর করেছেন শাম আহমদ। ভাঙ্গা মূর্তির কিচিরমিচির এর সদস্যরা হলেন, শাম আহমদ (ভোকাল, গিটার কম্পোজিশন), ঐশী আহমদ (ভোকাল) এবং আবদুল্লাহ আল মাশরিফ (ব্যান্ড ম্যানেজার) । এই অ্যালবামের মিক্সিং, মাস্টারিং ও অডিও প্রডাকশন করেছেন দেওয়ান এনামুল হাসান রাজু (পারকাশন)।
গত ১২ ডিসেম্বর ফেসবুক ও ইউটিউবে মুক্তি পায় এই অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘ভাবছ কী এত?’র মিউজিক ভিডিও।
উল্লেখ্য, অ্যালবামটির অফিসিয়াল লঞ্চিং অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহান্তে, বনানীর যাত্রা বিরতিতে।
