সিটিতে নেই বিদ্যুৎ ও ড্রেনেজ ব্যবস্থা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০১:২৩ এএম

রাজশাহী নগরীর মেহেরচণ্ডী পূর্বপাড়ার বুধপাড়া মহল্লায় রাস্তা নেই দীর্ঘদিন। নকশায় ১০ ফিটের রাস্তা থাকলেও, উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন। চরম ভোগান্তির শিকার হয়ে অবশেষে নিজ উদ্যোগে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন স্থানীয়রা। শুধু রাস্তা নয়, সিটি করপোরেশনের অন্যান্য সুযোগ-সুবিধাও পান না এই এলাকার বাসিন্দারা। তবে স্থানীয় কাউন্সিলর বলছেন, বরাদ্দ পেলে রাস্তাসহ নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো হবে।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী পূর্বপাড়ার বুধপাড়া মহল্লার সঙ্গে প্রধান সড়কের কোনো সংযোগ নেই। এ জন্য ড্রেন যেমন নেই, নেই বিদ্যুৎব্যবস্থাও। রাস্তা না থাকায় জমির আইল আর ডোবা-নালা পেরিয়ে বাসিন্দারা যাতায়াত করেন। সবচেয়ে বেশি দুর্ভোগ হয় কোমলমতি শিক্ষার্থী ও বয়স্কদের। ইতিমধ্যে সেখানে ইট ও বালি ফেলা হয়েছে।

স্থানীয়রা জানান, তারা স্বেচ্ছাশ্রমে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে ৭০০ ফিট রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। সকাল থেকে রাস্তার এক পাশে বাঁশ ও টিন দিয়ে বাঁধাই করে মাটি ফেলছেন। তাদের অভিযোগ, এলাকায় কাঁচা সবজির আবাদ বেশি হয়। কিন্তু রাস্তা না থাকায় আলু, পটোল, করলা, সিম, টমেটো, বেগুন, কপির মতো কৃষিপণ্য বাজারজাতে বিপাকে পড়তে হয়। মাথায় করে দূরের বাজারে বিক্রি করেন তারা। এমনকি কেউ গুরুতর অসুস্থ হলে ঘাড়ে করে মূল রাস্তা, এরপর তাকে গাড়িতে হাসপাতালে নেওয়া হয়। দুলাল হোসেন জানান, অন্যদের মতোই আমরা সিটি করপোরেশনকে ভ্যাট দিই। কিন্তু কোনো সাড়া না পেয়ে নিজেরাই রাস্তা নির্মাণ করছি। আশা করছি, কর্র্তৃপক্ষ এখন আমাদের জন্য ড্রেন ও বিদ্যুতের ব্যবস্থা করবে। রাজশাহী সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার রুহুল আমিন জানান, বুধপাড়া মহল্লায় দেড় শ পরিবারের প্রায় ৪ শতাধিক মানুষ বসবাস করেন। বাড়ি থেকে বের হওয়ার রাস্তা না থাকায় দীর্ঘদিন তারা কষ্ট করছেন। বর্ষা শেষ হতেই নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ করছেন তারা।

এ বিষয়ে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আকতারুজ্জামান জানান, বুধপাড়া পরিদর্শন করে স্থানীয়ভাবে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার ওয়ার্ড প্রতি ২ কোটি টাকা বরাদ্দ এসেছে। নাগরিক সুবিধা বাড়াতে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে। আর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, বুধপাড়া মহল্লার উন্নয়ন তাদের প্রকল্পের মধ্যে রয়েছে। শিগগিরই কাজ শুরু করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত