সম্মেলনস্থলে প্রবেশের সময় পিস্তলসহ আটক ১

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০২:১৯ এএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনস্থলে প্রবেশের সময় অস্ত্রসহ পুলিশের হাতে একজন আটক হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে দিয়ে উদ্যানে প্রবেশের সময় তল্লাশিতে নূরুল ইসলাম খান রাসেল (৪০) নামে ওই ব্যক্তির কাছে একটি পিস্তল পাওয়া যায়। পরে শাহবাগ থানায় নেওয়ার পর তিনি অস্ত্রের লাইসেন্স দেখিয়ে ছাড়া পান।

শাহবাগ থানার ওসি আবুল হাসান দেশ রূপান্তরকে বলেন, টাঙ্গাইলের মধুপুর থেকে সম্মেলনে যোগ দিতে আসা আওয়ামী লীগের এক কর্মীকে অস্ত্রসহ আটক করেছিলাম। পরে ওই অস্ত্রের লাইসেন্স দেখানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের এই কর্মী মধুখালী উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যানের আত্মীয়। নিয়মকানুন না বুঝেই তিনি অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন। তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

সংশ্লিষ্টরা জানান, অস্ত্রসহ ওই ব্যক্তি আটক হওয়ার প্রায় আধঘণ্টা আগে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিপাকে পড়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরুল ইসলাম জানান, তার বাবার নাম তৈয়বুর রহমান খান। তার কাছে অস্ত্রের লাইসেন্সের ফটোকপি ছিল। তবে সেটি আসল না নকল তা যাচাই করার জন্য তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত