শাহ আমানতে ১১শ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০১:০৪ এএম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১১২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
গত শুক্রবার রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা এসব সিগারেট জব্দ করেন।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪১৫ ফ্লাইটে আসা যাত্রী মো. হাসানের লাগেজ থেকে ১৭৪ কার্টন ইজি ব্রান্ডের সিগারেট জব্দ করেন এনএসআইর সদস্যরা। সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকায় আরও ৯৩৮ কার্টন সিগারেট পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
কাস্টম হাউসের উপকমিশনার রিয়াদুল ইসলাম জানান, হাসানের কাছ থেকে সিগারেট জব্দের পর সম্ভবত অন্য যাত্রীরা লাগেজে থাকা সিগারেট ফেলে দিয়েছে। সিগারেটগুলো কাস্টম হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত