পঞ্চম শ্রেণির সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষায় সারা দেশে বহিষ্কার করা ১২৭ শিশু শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত রুটিন প্রকাশ করা হয়েছে। উচ্চ আদালতের এক আদেশের পর বহিষ্কৃত শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২৭ শিশু শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
কোমলমতি শিশু শিক্ষার্থীদের বহিষ্কার নিয়ে গত ১৯ নভেম্বর দেশ রূপান্তর পত্রিকায় ‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ২১ নভেম্বর তারিখে বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী এএম জামিউল হক ফয়সাল। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেয়। এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়। একই সঙ্গে আদালত ১০ ডিসেম্বর পরবর্তী আদেশের তারিখ ধার্য করে। পরে গত ১৮ ডিসেম্বর আদালত শুনানি শেষে বহিষ্কৃত সব শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষা নিতে এবং একই সঙ্গে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের আদেশ দেয়।
নতুন রুটিন থেকে জানা গেছে, এই তিন দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ও বিকেল ২টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনীর ইংরেজি, দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রাথমিক বিজ্ঞান এবং একই দিন ইবতেদায়ি শিক্ষা সমাপনীর সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ইংরেজি ও দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আরবি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৬ ডিসেম্বর প্রাথমিকের বাংলা ও বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ির বাংলা ও বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। ২৮ ডিসেম্বর প্রাথমিকের গণিত, ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ির গণিত, কুরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ্ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বাড়তি সময় বরাদ্দ থাকবে। আদালতের নির্দেশ অনুযায়ী ৩১ ডিসেম্বর এসব পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ পরীক্ষা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মঞ্জুর কাদির দেশ রূপান্তরকে বলেন, ‘আদালতের এক আদেশের প্রেক্ষিতে আমরা বহিষ্কৃত শিক্ষার্থীদের পরীক্ষাটি পুনরায় গ্রহণ করছি। ৩১ ডিসেম্বরের মধ্যেই তাদের ফল প্রকাশ করা হবে।’
