নুর কেন বহিরাগতদের নিয়ে ডাকসু ভবনে গেলেন : তথ্যমন্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৪:১৪ এএম

ডাকসুর ভিপি নুর কেন বহিরাগতদের নিয়ে ডাকসু ভবনে গেলেন? এতগুলো বহিরাগতকে নিয়ে সেখানে যাওয়ার কী প্রয়োজনীয়তা ছিল? এমন প্রশ্ন তুললেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাবিতে নুর ও তার সহযোগীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা দুঃখজনক, নিন্দনীয়, অমার্জনীয়। আমরা এ ধরনের হামলা সমর্থন করি

না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হবে। তবে বহিরাগতদের নিয়ে নুর কেন ডাকসু ভবনে গেলেন বিষয়টি রহস্যজনক। ডাকসুর কাজ ছাত্রদের বিষয় নিয়ে কাজ করা, ভারতের রাজনৈতিক বিষয় তো তাদের কাজ না।’

সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশে নানা ধরনের ষড়যন্ত্র আছে। রাজনৈতিকভাবে সরকারকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ও যারা দেশের পরিস্থিতি ঘোলা করতে চায়, সেই পক্ষ যৌথভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা ষড়যন্ত্র করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর কিছু ঘটনা ঘটিয়ে মাঝেমধ্যেই আলোচনায় থাকতে চান বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। নুরের ওপর হামলার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চে ছাত্রলীগের ও ছাত্রফ্রন্টের নেতারাও থাকতে পারে। কিংবা মুক্তিযুদ্ধের চেতনায় যেকোনো ছাত্রসংগঠনের নেতারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। কিন্তু ঘটনাটি ঘটেছে মঞ্চের ব্যানারে।’

প্রসঙ্গত, রবিবার দুপুরে নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ঢাবির ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। তাদের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত