আন্তর্জাতিক ক্রীড়া আসরের বছর ২০২০

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১২:২৭ এএম

শেষ হতে চলল আরো একটি বছর। ২০১৯ সালকে বিদায় জানিয়ে এখন নতুন বছরকে বরণ করে নেওয়ার অপেক্ষায় সবাই। ২০২০ সাল ক্রীড়াপ্রেমীদের জন্য হতে যাচ্ছে দারুণ এক বছর। অলিম্পিক, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ, ইউরো কাপ, কোপা আমেরিকার মতো দারুণ আসর একই বছরে উপভোগ করবে দর্শকেরা।

দেখে নেওয়ার যাক বড় বড় ক্রীড়া আসরগুলো বসবে কবে কোথায়-

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (১৭ জানুয়ারি-৯ ফেব্রুয়ারি)

মধ্য জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় বসবে যুব বিশ্বকাপের আসর। চার গ্রুপে ভাগ হয়ে ১৬টি দেশ অংশ নেবে এতে। বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপ। যেখানে তাদের সঙ্গী জিম্বাবুয়ে, পাকিস্তান ও স্কটল্যান্ড যুব দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ (২১ ফেব্রুয়ারি-৮ মার্চ)

এ বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সহ চূড়ান্ত পর্বে খেলবে মোট ১০ দল। বাংলাদেশ ও থাইল্যান্ড বাছাই পর্ব পেরিয়ে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (৩০ মে)

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের খেলা এখন শেষ। এবার লড়াইয় শেষ ষোলোর। সেখান থেকে সেরা আট। রোড টু ইস্তাম্বুলে যাওয়ার লড়াই। আগামী ৩০ মে ইস্তাম্বুলের আটাটার্ক স্টেডিয়ামে জানা যাবে কে হবে ইউরোপের সেরা ফুটবল ক্লাব।

ইউরো কাপ (১২ জুন-১২ জুলাই)

ফুটবল বিশ্বকাপের পর ইউরোর দিকে চোখ থাকে আপামর ফুটবলপ্রেমীর। এবার ইউরোপের ১২টি দেশ জুড়ে চলবে এই ফুটবল উৎসব। কিছুদিন আগেই ইউরোর গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে ২৪টি দেশকে মোট ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে।

কোপা আমেরিকা (১২ জুন-১২ জুলাই)

আসছে বছর কোপা আমেরিকার ৪৭ তম সংস্করণ যৌথ ভাবে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও ব্রাজিলে। ১৯৮৩-র পর এই প্রথম একাধিক দেশে হচ্ছে কোপার ইভেন্ট। ইউরোপবাসী যখন ইউরোতে মাতবে, ঠিক তখনই লাতিন আমেরিকায় চলবে তাদের সেরা ফুটবল ফেস্টিভ্যাল।

অলিম্পিক গেমস (২৪ জুলাই-৯ আগস্ট)

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব অলিম্পিকের আসর বসবে জাপানের রাজধানী টোকিওতে। কোপা আমেরিকা ও ইউরো শেষ হতে না হতেই অলিম্পিক উৎসবে মাতবে সবাই।

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১৮ অক্টোবর-১৫ নভেম্বর)

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ছেলেদের আসরও বসবে অস্ট্রেলিয়ায়। ১৬ দল অংশ নিলেও আসর হবে দুই পর্বে। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আট দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অন্য ৬ দলের সঙ্গে বাছাই পর্ব খেলবে। সেখান থেকে সেরা চারটি দল সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত