ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিতর্কিত কোনো প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘যাকে জনগণ ভালোবাসে, যার জনপ্রিয়তা বেশি এবং যে প্রার্থী যোগ্য তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে’।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মনখালী এলাকায় জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) পিপিপি ভিত্তিতে চার লেনে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হবে। এই দুই সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ ক্ষেত্রে সরকার এবং সরকারি দল কোনো হস্তক্ষেপ করবে না’।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। পদ্মা সেতু দেখে সারা বিশ্ব অবাক হচ্ছে। এটা শেখ হাসিনার সাহসিকতার কারণে সম্ভব হয়েছে। বিশ্বব্যাংক তাদের ভুল স্বীকার করেছে।
মন্ত্রী আরো বলেন, রূপগঞ্জের মানুষ খুব ভাগ্যবান। গোটা নারায়ণগঞ্জে যা উন্নয়ন হয়নি, শুধু রূপগঞ্জে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। সরকারের মেগা প্রকল্প ভুলতা ফ্লাইওভার, গোলাম দস্তগীর গাজী সেতুসহ বহু মেগা প্রকল্প রূপগঞ্জে বাস্তবায়ন হয়েছে। রূপগঞ্জের রূপ বাড়াতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশ আজ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কে এইচ জেমিং, রোডস অ্যান্ড হাইওয়ের প্রধান প্রকৌশলী জাওয়াদ আলম, প্রকল্প পরিচালক সবুজ উদ্দিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামসহ অনেকে।
