নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্ত্রীকে অপহরণের অভিযোগে কথিত পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেছেন এক স্বামী।
স্বর্ণা পণ্ডিত (২৩) নামে এক নারীর স্বামী আকাশ সরকার বাদী হয়ে কথিত পরকীয়া প্রেমিক ফয়সাল আহাম্মেদ সাদ্দামের (৩২) নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর থানায় মামলাটি দায়ের করেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান মামলার কথা নিশ্চিত করে বলেন, অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার সংক্ষিপ্ত সূত্রে জানা যায়, হারাধন সরকারের পুত্র আকাশ সরকারের সঙ্গে ২০১৩ সালে অশোক পণ্ডিতের মেয়ে স্বর্ণা পণ্ডিতের বিয়ে হয়। তাদের তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে।
কয়েক মাস পূর্বে ফেইসবুকের মাধ্যমে স্বর্ণার সঙ্গে নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোডের আব্দুর রাজ্জাকের পুত্র সাদ্দামের বন্ধুত্ব হয়। সাদ্দাম বিভিন্ন সময় ফোন করে স্বর্ণাকে প্রেম নিবেদন ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিরক্ত করছিল। গত ২৩ ডিসেম্বর দুপুরের দিকে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে সাদ্দাম তার কতিপয় সহযোগী নিয়ে বাসায় প্রবেশ করে জোরপূর্বক স্বর্ণাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।
