শোয়েব আখতার ‘বোমা’ ফাটানোর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সাহায্য চেয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার দিনেশ কানেরিয়া।
ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে খেলার সময়ে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দিনেশ নিষিদ্ধ হন। তার পরে অনেকের কাছেই সাহায্যের আবেদন করেন। কিন্তু কেউ কর্ণপাত করেননি।
বাধ্য হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সাহায্য প্রার্থনা করছেন কানেরিয়া। তিনি বলেছেন, ‘ইমরান খান-সহ পাকিস্তানের সব কিংবদন্তি ক্রিকেটার, ক্রিকেট প্রশাসকের কাছে আবেদন করছি। আমি খুব কষ্টে আছি। আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন। পাকিস্তানের অসংখ্য মানুষের কাছে আমি সাহায্য চেয়েছি। কিন্তু কোনও সাহায্য পাইনি। ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে আমি নিজেকে উজাড় করে দিয়েছি। এর জন্য আমি গর্বিত। এই সময়ে আমার সাহায্যের দরকার। আমি আশাবাদী পাকিস্তানের মানুষ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।’
এক সময়ের সতীর্থ কানেরিয়ার পাশে দাঁড়িয়ে বৃহস্পতিবার সাবেক পেসার শোয়েব আখতার বলেন, পাকিস্তান ক্রিকেট দলে বেশ কয়েক জন ক্রিকেটার দিনেশ কানেরিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। কারণ সে ছিল হিন্দু। তাই দলে ও ছিল ব্রাত্য। অনেকে কানেরিয়ার সঙ্গে বসে খেতে পর্যন্ত চাইত না!
শোয়েবের এই অভিযোগ ছড়িয়ে পড়ায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। প্রাক্তন সতীর্থের এই বিস্ফোরণের পরে কানেরিয়া বলেন, ‘আমি টেলিভিশনে কিংবদন্তি শোয়েব আখতারের সাক্ষাৎকার শুনেছি। বিশ্বের সামনে সত্যটা তুলে ধরার জন্য শোয়েবকে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাচ্ছি।’
৩৯ বছরের কানেরিয়া পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ম্যাচ খেলেছেন। অনিল দলপতের পরে দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।
