গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. ইউনুস আলী মারা গেছেন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০২:১৭ এএম

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মো. ইউনুস আলী সরকার (৬৬) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফুসফুসের ক্যানসারসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ডা. ইউনুস আলী। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী সোমবার সকালে সাদুল্লাপুরের ভাতগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

একাদশ ও দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাইবান্ধা-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন ডা. ইউনুস আলী। ১৯৫৩ সালের ১৫ জুন সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব দেশ রূপান্তরকে বলেন, ‘কর্মজীবনে ডা. মো. ইউনুস আলী সরকার ঢাকার বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে অ্যানেসথেসিওলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। চিকিৎসকদের সংগঠন বিএমএর যুগ্ম মহাসচিব ও রংপুর মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি গত ১৬ বছর ধরে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তিনি আরও জানান, গত আগস্টের প্রথম সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ডা. মো. ইউনুস আলী। তারপর দেশে ফিরে বিএসএমএমইউ হাসপাতালে প্রায় পাঁচ মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। ডা. ইউনুস আলী ঢাকার মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে খণ্ডকালীন অ্যানেসথেসিওলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। আগামীকাল রবিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে হেলিকপ্টারযোগে তাকে নেওয়া হবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে ডা. ইউনুস আলীকে পলাশবাড়ী উপজেলায় নেওয়া হবে। এরপর সোমবার সকালে সাদুল্লাপুরের ভাতগ্রামে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত