বাড্ডায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫ এএম

রাজধানীর বাড্ডায় সাতারকুলে মগরদিয়া এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রনি মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাবের ভাষ্য, নিহত রনি মিয়া একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গোপনে সংবাদ পেয়ে শুক্রবার মধ্যরাতে বাড্ডার সাতারকুলে মগরদিয়া এলাকায় স্যার উইলসন স্কুলের উল্টো দিকে মাদক ব্যবসায়ীদের আস্তানায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় রনি মিয়াকে উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, গোলাগুলিতে মো. আমজাদ নামে র‍্যাবের এক হাবিলদার আহত হন। তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে র‌্যাব ২টি ওয়ান শুটারগান, ২টি শটগান, ৯টি কার্তুজ ও ১৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত