রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ও ‘সোনার তরী’ গতকাল শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সঙ্গে বিমানের মোবাইল অ্যাপসও চালু করা হয়েছে। ৫ জানুয়ারি নতুন বোয়িং দুটির লন্ডনের হিথ্রো ও ম্যানচেস্টার বিমানবন্দরের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন গতকাল বলেন, উড়োজাহাজ দুটি দিয়ে ম্যানচেস্টারের সঙ্গে হিথ্রো রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ম্যানচেস্টার রুটের উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এছাড়া লন্ডনে আগে থেকেই আমাদের ফ্লাইট নিয়মিত যাওয়া-আসা করছে। বিমানের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা মাথায় রেখে ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে।
বিমানের আরেক কর্মকর্তা বলেন, যাত্রীদের কাছে সহজে সেবা পৌঁছে দিতে মোবাইল অ্যাপস চালু হয়েছে। এর মাধ্যমে টিকিট কিনলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। বিকাশ, রকেট অথবা যেকোনো ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা মূল্য পরিশোধ করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নামের অ্যাপটি গুগল প্লে-স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। ফ্লাইট সম্পর্কিত সব তথ্য মিলবে এই অ্যাপে।
