ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৪ কেজি ওজনের ৬৪০টি সোনার বার আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। গতকাল শনিবার রাত ১০টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ শাখার এক নম্বর ওয়্যার হাউসে একটি কাঠের বাক্স থেকে বারগুলো উদ্ধার করা হয়।
এর বাজারমূল্য প্রায় ৩২ কোটি টাকা।
কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার সোলায়মান সাঈদ দেশ রূপান্তরকে বলেন, ‘সিঙ্গাপুর থেকে চালানটি এসেছে। এটি আমদানি শাখায় থাকার কথা ছিল। কিন্তু চোরাকারবারিরা সুযোগমতো পাচার করার জন্য রপ্তানি শাখায় লুকিয়ে রাখে। আমরা আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। চোরাকারবারিদের চিহ্নিত করার কাজ চলছে।’
খবর পেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ কাস্টমস কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক বছরের মধ্যে আটক করা এটিই সবচেয়ে বড় সোনার চালান।
