পুলিশকে জনগণের কাছে নিয়ে যেতে চাই : আইজিপি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০২:১৫ এএম

মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করার জন্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাদের পথপ্রদর্শক। পুলিশ থেকে অবসর নিলেও আপনারা আজীবনই পুলিশ। আপনারা অবসর সময়ে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে পারেন। সমাজের মানুষকে সচেতন করতে পারেন।’ 

গতকাল শনিবার দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা  বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ অনেক সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। পুলিশ এখন মাদকের বিরুদ্ধে “যুদ্ধ ঘোষণা” করেছে। মাদকের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। আমরা পুলিশকে জনগণের কাছে নিয়ে যেতে চাই। থানাকে জনগণের বিশ্বাস ও আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চাই। আমরা মানবিক পুলিশ হতে চাই, জনগণের পুলিশ হতে চাই।’

সমিতির সভাপতি ও সাবেক আইজিপি আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে সহসভাপতি ও সাবেক ডিআইজি ওয়ালিয়ার রহমান, মহাসচিব মো. রফিকুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে সমিতির ৫ জন বয়োজ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা স্মারক দেওয়া হয়। আইজিপি তাদের হাতে স্মারক তুলে দেন। কমিউনিটি পুলিশিং এবং সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কর্মরত তিনজন পুলিশ অফিসার ‘এস এম আহসান স্মৃতি পুরস্কার’-এ ভূষিত হন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সিনিয়র এএসপি মো. আখিউল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন-অর-রশিদ ও মানিকগঞ্জ সদর থানার কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এসআই মো. হারেস সিকদার। নির্যাতনের শিকার নারী ও শিশুর সুরক্ষায় ভিকটিম সাপোর্ট ও সমাজসেবা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য প্রফেসর অনামিকা হক লিলি-ড. এম এনামুল হক অ্যাওয়ার্ড পান বগুড়ার গাবতলী সার্কেলের এএসপি সাবিনা ইয়াসমিন। এ ছাড়া সমিতি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ২৪ জন কৃতী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করে।

পুলিশকে মানবিক করে গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে : এদিকে চাঁদপুরে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘পুলিশকে আরও মানবিক করে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমি ইতিমধ্যে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছি, মানুষকে যেন কোনোভাবে হয়রানির শিকার না হতে হয়। থানা হবে জনগণের বিশ্বাস ও আস্থার জায়গা। সাধারণ মানুষের অভিযোগ শুনতে পুলিশ বাধ্য। থানায় জিপি বা মামলা কিংবা সেবা নিতে কোনো পয়সা লাগে না। এরপরও কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বদলে যেতে চাই, সাধারণ মানুষের কাতারে এসে মানবিক পুলিশ হতে চাই।

গতকাল শনিবার বিকেলে চাঁদপুরের বাবুরহাট উচ্চবিদ্যালয় ও কলেজের ১০ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্বাগত বক্তব্য দেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র রহিম বাদশার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাক্তন ছাত্র বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুল হক মিয়া, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত