মৃতদেহ নিয়ে ‘ভুতুড়ে জাহাজ’ ভেসে আসছে উ. কোরিয়া থেকে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৬ পিএম

মানুষের মৃতদেহসহ একটি জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে জাপানের উপকূল থেকে। এটির মধ্যে পাওয়া যায় পাঁচটি মৃতদেহ ও দু'টি মানুষের মাথা।

বিবিসি জানায়, শুক্রবার জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদো দ্বীপে ভেসে আসে জাহাজটি। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া জাহাজটির গায়ে কোরীয় ভাষায় লেখা ছিল।

জাহাজে পাওয়া দেহাবশেষগুলো ‘আংশিকভাবে কঙ্কাল’ হয়ে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীরা দীর্ঘ দিন ধরে সমুদ্রে অবস্থান করছিলেন।

এর আগেও একাধিকবার জাপানের উপকূলে উত্তর কোরিয়া থেকে আসা ‘ভুতুড়ে জাহাজ’ উদ্ধারের ঘটনা ঘটেছে। এসব জাহাজ সাধারণত খালি থাকে বা সেখানে মানুষের দেহাবশেষ থাকে।

তীব্র ঠান্ডা বা খাবারের অভাবে এদের মৃত্যু হয় বলে আশঙ্কা করা হয়। তবে উত্তর কোরিয়া থেকে তারা পালিয়ে আসার চেষ্টা করে কী না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ধারণা করা হয় যে, অতিরিক্ত দারিদ্র্যই উত্তর কোরিয়ার নাবিকদের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে বাধ্য করে।

২০১৭ সালে এরকম একটি জাহাজে এক জেলেকে জীবিত অবস্থায় পাওয়া যায় এবং তাকে উত্তর কোরিয়ায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত দেয়া হয়।

জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান অস্থিরতার কারণে মৃতদেহসহ এসব জাহাজ উদ্ধার নিয়ে এই মুহূর্তে সুষ্ঠু তদন্তের সম্ভাবনা নেই বললেই চলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত