ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছে প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার কান্নুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ইরফান হাবিব।
সেখানে কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান নাগরিকত্ব আইনের সপক্ষে বলতে শুরু করলে মঞ্চ থেকেই প্রতিবাদ জানান এই ইতিহাসবিদ। তাকে সমর্থন দেন দর্শকেরাও।
পরে রাজ্যপালের টুইটার পোস্টে অভিযোগ করা হয়, ইরফান হাবিব শুধু রাজ্যপালের বক্তৃতায় বাধাই দেননি, তার নিরাপত্তা কর্মকর্তাদেরও ধাক্কা মেরেছেন। কিন্তু ৮৮ বছর বয়সী এই ইতিহাসবিদ কীভাবে এমন কাণ্ড করতে পারলেন এতেই অবাক হয়ে যান সুধীমহল।
বরং ঘটনার সময় মঞ্চের কাছে থাকা সংগঠনের লোকজন এবং শিক্ষকদের বক্তব্য, রাজ্যপালের নিরাপত্তারক্ষীরাই হাবিবকে ঠেলে সরিয়ে দিয়েছে। রাজ্যপালের টুইটারে যে সব ছবি টুইট করা হয়েছে, তাতেও স্পষ্ট দেখা যাচ্ছে, কখনো হাবিবকে সরিয়ে দেয়া হচ্ছে, কখনো বা তার হাত ধরে রেখেছে রাজ্যপালের কর্মকর্তারা।
রাজ্যপাল তার বক্তৃতায় নাগরিকত্ব আইন, এনআরসি এবং কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করতেই অধিবেশনের এক দল প্রতিনিধি প্রতিবাদ জানাতে শুরু করে। তারা এ সময় নাগরিকত্ব আইন এবং এনআরসি বিরোধী প্ল্যাকার্ড তুলে ধরেন। মঞ্চে উপস্থিত ইরফান হাবিবকেও উঠে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করতে দেখা যায়। সেসময় তাকে হেনস্তার ঘটনা ঘটে।
বিক্ষোভ নিয়ন্ত্রণে কেরালার পুলিশ কয়েকজনকে আটকও করে। পরে মঞ্চ থেকেই ইতিহাস কংগ্রেসের সম্পাদিকা অধ্যাপিকা মহালক্ষ্মী রামকৃষ্ণন অবিলম্বে বিক্ষোভকারীদের মুক্তি দাবি করেন। এরপরেই আটককৃতদের ছেড়ে দেয় পুলিশ।
এর আগে ভারতে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ থেকে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করে পুলিশ।
৬১ বছরের ইতিহাসবিদ রামচন্দ্র গুহ বেঙ্গালুরুর টাউন হলে একটি প্রতিবাদ সভায় যোগ দেন। তখন সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারের মাঝেই টানতে টানতে তাকে নিয়ে যায় পুলিশ।
