রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম কাটাসুরের একটি বাসায় আলো বেগম (৪০) নামের এক গৃহিণী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে বলে জানিয়েছে তার স্বজনেরা।
গুরুতর দগ্ধ অবস্থায় তাকে রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্বজনরা জানান, কাঁটাসুরের ২৪৭/২ নম্বর নিজেদের বাড়ির ২য় তলায় থাকেন তিনি। তার স্বামী আবুল বাশার এক বছর আগে স্ট্রোক করে মারা গেছেন। তিনি মানসিক রোগী ছিলেন। তাদের এক ছেলে পলাশ ও এক মেয়ে লরিন। আলো বেগম ও পলাশ দুজনই মানসিক রোগী।
জামাতা মো. আকাশ জানান, আলো বেগম এর আগেও পাগলামি করে আত্মহত্যার চেষ্টা করেছেন কয়েকবার। ইঁদুর মারার ওষুধ খেয়েছেন, ছাদ থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে বাসায় কেউ না থাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন তিনি। পরে তার চিৎকারে আশপাশের ফ্ল্যাটের লোকজন জড়ো হয়ে আগুন নিভিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, তার শ্বাসনালিসহ শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
