কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা বিরোধী অভিযানে মাদক কারবারিদের গুলিতে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ র্যাব সদস্যরা হলেন- সৈনিক ইমরান (৩০) ও করপোরাল শাহাব উদ্দিন (৩৫)।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-২ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ইয়াবাবিরোধী অভিযানে চলাকালে রোহিঙ্গা মাদক কারবারিদের গুলিতে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।’
র্যাব সূত্র জানায়, ‘টেকনাফের ওই ক্যাম্পের শিয়াইল্যাঘোনা এলাকায় ইয়াবা বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী দলের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পাহাড়ের দিকে চলে যায়’।
