আবাহনীকে বিদায় করে সেমিতে রহমতগঞ্জ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১২:৫৮ এএম

মৌসুম শুরুর আগে রহমতগঞ্জের পক্ষে বাজি ধরা লোক খুঁজে পাওয়া যায়নি। মাঝারি সারির দলটিই যে ফেডারেশন কাপে এমন চমক দেবে কে ভেবেছিল! সবার ভাবনাকে বড়সড় ধাক্কা দিয়েছে সৈয়দ গোলাম জিলানীর দলটি। গতকাল তারা বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে কোয়ার্টার ফাইনালেই বিদায় করে পা রেখেছে সেমিফাইনালে। পুরনো ঢাকার দলটিকে স্মরণীয় এই জয় এনে দিয়ে নায়ক বনে গেছেন গোলকিপার রাসেল মাহমুদ লিটন। টাইব্রেকারে আবাহনীর দু’টি শট ঠেকিয়ে তিনি নিশ্চিত করেছেন ৪-৩ ব্যবধানে জয়। আর আবাহনীর হারে প্রত্যক্ষ দায় তাদের গোলরক্ষক শহীদুল আলম সোহেলের। অতিরিক্ত সময়ের শুরুতে কারভেন্স বেলফোর্ডের গোলে এগিয়ে যাওয়া আবাহনী যখন জয়ের সুবাস পাচ্ছিল, ঠিক তখনই সোহেলের অমার্জনীয় এক ভুলে গোল খেয়ে বসে আকাশিরা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায়। যেখানে সোহেল পারেননি রহমতগঞ্জের চার শটের একটিও ঠেকাতে। তাতে টানা চতুর্থবারের মতো ফেডারেশন কাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল আবাহনীর।

গ্রুপের দু’ম্যাচে মাত্র এক গোল হজম করে দুই ড্রয়ে শক্ত গ্রুপ থেকে কোয়ার্টারে উঠে এসেছিল রহমতগঞ্জ। রুখে দিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ জামালকে। অন্যদিকে গ্রুপের দু’ম্যাচে ৯ গোল করে আবাহনীর শেষ আটে আসাটা ছিল চ্যাম্পিয়নের মতোই। কিন্তু কাল যেন জালের ঠিকানাই খুঁজে পাচ্ছিলেন না দলটির শক্তিশালী আক্রমণভাগ। বারবার আক্রমণ গড়েও ফিনিশিংটা ঠিকঠাক হচ্ছিল না তাদের। ফলে নির্ধারিত ৯০ মিনিট থাকে গোলশূন্য। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটেই অবশ্য গোলের দেখা পায় আবাহনী। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মেইলসন আলভেসের লম্বা ক্রস ধরে বক্সে ঢুকেই বেলফোর্ডের জোরালো শটে এগিয়ে যায় তারা। অতিরিক্ত সময়ের খেলা শেষের দুমিনিট আগে সোহেল পাকিয়ে ফেলেন ভজঘট। নিজেদের অর্ধ থেকে তাজিক ডিফেন্ডার আকপব আসরোরভ লম্বা ক্রস ফেলেছিলেন আবাহনীর বক্সে। উড়ন্ত বলে বরাবরই নার্ভাস সোহেল সেটি পারেননি ক্লিয়ার করতে। খর্বকায় মিডফিল্ডার এনামুল ইসলাম গাজী হেড করে বল জালে জড়িয়েই উল্লাসে মেতে ওঠেন। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে আবাহনীর হয়ে নাবিব নেওয়াজ জীবন, বদলি মিডফিল্ডার সোহেল রানা এবং ডিফেন্ডার নাসিরউদ্দিন গোল করলেও রহমতগঞ্জ কিপার লিটন প্রথমে বেলফোর্ড ও পরে সানডের শট ঠেকিয়ে দেন। অন্যদিকে দলটির হয়ে গোল করেন দিদারুল, উজবেক ফরোয়ার্ড তুরায়েভ আকবির, নাদিম মাহমুদ এবং আসরোরভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত