ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ওয়েন রুনি অবসর নিয়ে একদমই ভাবছেন না। বৃহস্পতিবার ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল ডার্বির হয়ে মাঠে নামবেন তিনি।
এমএলএসের দল ডিসি ইউনাইটেড থেকে ডার্বিতে কোচ কাম খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী রুনি। জানুয়ারির আগ পর্যন্ত মাঠে নামার অনুমতি পাননি।
স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে রুনি বলেন, ‘আমার শরীর এখনো খেলতে প্রস্তুত। ভালো মনে হচ্ছে। যতদিন ফিট আছি, যতদিন দলকে সাহায্য করতে পারি খেলে যাব।’
রুনির নতুন দল পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই। সোমবার জয়ের পর তারা ১৭তম স্থানে উঠেছে।
রুনি দলটির কোচ হলেও ম্যানেজারের পদে আছেন আরেকজন। রুনি বলছেন, দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত।
‘ম্যানেজার যেভাবে চান, সেভাবেই খেলব। আমি নিশ্চিত আবার বিভিন্ন পজিশনে খেলতে পারব।’
