আশুলিয়ায় একটি বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বাড়ির ২২টি কক্ষ ভস্মীভূত হয়ে গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বাইপাইল নামাবাজার এলাকার মিজান হাজির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির ভাড়াটিয়া মমিন উল্লাহ জানান, তিনি সাড়ে ৫টার দিকে আগুনের খবর পেয়ে বাসায় ছুটে আসেন, অনেক চেষ্টা করেও তিনি কক্ষ থেকে কিছু বের করতে পারেননি। তার নগদ ২ লাখ ৫০ হাজার টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডে ঘটনায় ক্ষতিগ্রস্থ নাসিমা আক্তার বলেন, আমার দশ বছরের কষ্টের সব ফসল পুড়ে গেছে। এখন আমি কি করব, আমার নগদ ২ লাখ ৪০ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এ সময় তিনি কেঁদে দিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার বাড়ির ম্যানেজারকে বিদ্যুতের তাড় ঠিক করতে বললেও তিনি তাড় ঠিক করে দেয়নি। শুধু বলে নিজেরা ঠিক করে নাও। এই ম্যানেজারের জন্য আজ আমার কপাল পুড়ছে।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক তাড়গুলো এলোমেলো ভাবে ঝোলানো ছিল যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পরে। কি কারণে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
