সব সময় এক রকম যায় না। ভালো-খারাপ মিলিয়েই জীবনের অংশ। কখনো কঠিন পরিস্থিতিতে পড়লেও জীবনে হতাশার জন্ম দেওয়া যাবে না। নানা কাজের মাধ্যমে নিজের ভেতরেই তৈরি করতে হবে অনুপ্রেরণা।
হতাশাকে কাটিয়ে নিতে আরও কিছু সহায়ক পরামর্শ:
ধৈর্য ধরুন : প্রতিটি জিনিসের শুরু এবং শেষ আছে। খারাপ মুহূর্তও এক সময় কেটে যায়। কঠিন সময়ে মনে রাখুন, এর আগে খারাপ সময়গুলোকে কীভাবে অতিক্রম করেছেন। ধৈর্য ধরুন। বিশ্বাস রাখুন, সামনের সময় ভালো আসবে।
মেন্টাল মডেলিং : কঠিন সময় পার করে পরের জীবন কীভাবে কাটাবেন এমন সুন্দর কল্পনা করলে নিজের ভেতরেই অনুপ্রেরণা জন্ম নেয়। একে বলে মেন্টাল মডেলিং।
আত্মবিশ্বাস : সমস্যা তৈরি হলে তার সমাধান অবশ্যই আছে। ঠাণ্ডা মাথায় ভালোভাবে সমস্যাগুলো নিয়ে ভাবুন। সমাধান নিয়ে পরিকল্পনা করুন। সেই অনুযায়ী কাজ করুন। আত্মবিশ্বাস না হারিয়ে কঠিনকে সহজ করে তুলুন।
সফলতার গল্প শুনুন : সফল কোনো ব্যক্তির জীবনে সফলতা সহজে আসেনি। জীবনের চরম হতাশাকে কাটিয়ে উঠে, কঠিন পথ পাড়ি দিয়ে সামনের সারিতে আসতে হয়েছে। এই মানুষদের জীবনের গল্প শুনুন। দেখবেন, নিজের মাঝেও তৈরি হচ্ছে অনুপ্রেরণা।
খুঁজে নিন আগ্রহের জায়গা : বেশিরভাগ মানুষই নিজের আগ্রহ বিষয়ে বুঝতে পারেন না। অন্যদের সঙ্গে তাল মেলাতে গিয়ে এমন কিছু করে বসেন যা হয়তো নিজের প্যাশন নয়। এমন না করে নিজের আগ্রহের জায়গা খুঁজে সেখানেই মন দিন। খারাপ মুহূর্ত দূর হবে নিমেষেই।
কাজের প্রতি ভালোবাসা : যে কাজটিই করুন না কেন সেটিকে ভালোবাসুন। কাজের প্রতি একনিষ্ঠতা মন খারাপ দূর করে দেয় সহজেই। অনুপ্রেরণা আর আগ্রহেরও জন্ম দেয়।
