ফিন্যান্সিয়াল টাইমসের সাময়িকী দ্য ব্যাংকারের নির্বাচন

‘বিশ্বসেরা’ অর্থমন্ত্রী মুস্তফা কামাল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০২:১৯ এএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ‘বিশ্বসেরা অর্থমন্ত্রী’ হিসেবে নির্বাচিত করেছে লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস গ্রুপের মাসিক সাময়িকী ‘দ্য ব্যাংকার’। সাময়িকীটি কামালকে ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০’-এ ভূষিত করেছে। বিশ্বের পাঁচটি অঞ্চল থেকে পাঁচজন অর্থমন্ত্রীকে সেরা হিসেবে ঘোষণা করে সাময়িকীটি। সেই বিবেচনায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা অর্থমন্ত্রী হয়েছেন আ হ ম মুস্তফা কামাল। পরে পাঁচ অঞ্চলের সেরা পাঁচজনের মধ্য থেকে একজনকে বিশ্বসেরা অর্থমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। এবার সেই বিশ্বসেরা অর্থমন্ত্রীও নির্বাচিত হয়েছেন আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী প্রথমবারের মতো এই পুরস্কারে ভূষিত হলেন।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। দেশ রূপান্তরকে তিনি বলেন, বিরল সম্মানের এ পুরস্কার অর্থমন্ত্রী দেশের জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথ অনুসরণ করেই এটি অর্জিত হয়েছে। তিনি বলেন, এটি অর্থমন্ত্রী হিসেবে তার সব কার্যক্রমের সঠিকতা ও সাফল্যের একটি স্বীকৃতি। এতে বিশ্ব দরবারে বাংলাদেশের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভাবমূর্তি আরও উন্নত হবে।

১৯২৬ সাল থেকে প্রকাশিত দ্য ব্যাংকার বিশ্বজুড়ে ব্যাংক খাতের ইন্টেলিজেন্স হিসেবে পরিচিত। ২০০৪ সাল থেকে প্রতি বছর ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ঘোষণা করে আসছে। বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের মধ্য থেকে আর্থিক খাতে গতিশীলতা আনাসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করে এ পুরস্কার দেয় সাময়িকীটি।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর ও দক্ষিণ আমেরিকা অঞ্চল, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ অঞ্চল থেকে একজন করে মোট পাঁচজন অর্থমন্ত্রীকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। এবার তাদের মধ্য থেকে মুস্তফা কামালকে বিশ্বসেরা অর্থমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছে দ্য ব্যাংকার। গত বছর এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী। তার আগের বছর ভারতের তখনকার অর্থমন্ত্রী অরুণ জেটলি ও ২০১৭ সালে আর্জেন্টিনার অর্থমন্ত্রীকে বিশ্বসেরা হিসেবে ঘোষণা করে দ্য ব্যাংকার।

গত বছর জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর আ হ ম মুস্তফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি সচল রাখা ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে বেশকিছু পদক্ষেপ নেন, যা অচিরেই বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করাসহ ইতিবাচক ফল বয়ে আনে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। পরপর তিন অর্থবছর ৭ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জিত হওয়ার পর গত বছর ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। প্রবৃদ্ধিতে বিশ্বে প্রভাব বিস্তারকারী শীর্ষ ২০টি দেশের অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। প্রবৃদ্ধি টেকসই করতে অর্থমন্ত্রী চলতি অর্থবছর অনেক সংস্কারের উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থমন্ত্রীর নীতিনির্ধারণী অনেক উদ্যোগের মধ্যে ব্যাংক, আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার উল্লেখযোগ্য। অর্থমন্ত্রী ব্যাংক সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনা, খেলাপি ঋণ পুনঃতফসিলকরণ, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের দেউলিয়া ঘোষণা করে তাদের সম্পদ এসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে গ্রহণ করে খেলাপি আদায় ও ব্যাংকের বদলে পুঁজিবাজার হতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের জন্য প্রয়োজনীয় সংস্কার ও প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এছাড়া বন্ড মার্কেট চালুর উদ্যোগ নেওয়া ও লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলা টাকা বন্ড তালিকাভুক্ত করা, নতুন ভ্যাট আইন চালু করা, কাস্টমস আইন সংস্কার করা, উপজেলা পর্যন্ত কর আদায় বিস্তারের উদ্যোগ গ্রহণ ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের পরিমাণ বাড়াতে ২ শতাংশ প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত