ধর্ষণ মামলায় এসআই কারাগারে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৩:০৭ এএম

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার এসআই আবদুর রকিব খানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এক তরুণী ধর্ষণের মামলা করার পর গত বৃহস্পতিবার রাতে এসআই রকিবকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে জানান, এসআই আবদুুর রকিবের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে এক তরুণী ধর্ষণের মামলা করেন রাজধানীর শেরেবাংলা নগর থানায়। পরে ওই দিন রাতেই শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

আদালত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর গতকাল এসআই রকিবকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে রাকিবের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসির আহসান চৌধুরী রাকিবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য ৭ জানুয়ারি দিন ধার্য করেন।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি দেশ রূপান্তরকে বলেন, ‘মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতেই আগারগাঁওয়ের তালতলা এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি, দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। এখন কোনো বিষয় নিয়ে মতের অমিল হওয়ায় তরুণী মামলা করেছেন। তবে ভিডিও ধারণের কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে অভিযুক্ত রাকিবকে আটক করা হয়েছে।

ধর্ষণের আলামত পরীক্ষার জন্য অভিযোগকারী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানান ওসি জানে আলম।

এসআই রাকিবের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত