ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়ায় ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৭:৪৮ পিএম

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চার ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই ঘণ্টা  ফেরি চলাচল বন্ধ থাকার পর শনিবার সকাল ৭টায় পরীক্ষামূলক ফেরি চলাচলের চেষ্টা করা হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে পুনরায় সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। টানা চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ পাটুরিয়া ঘাটে শনিবার দুপুর ২টার দিকে দেড় শতাধিক ট্রাক ও ৫০-৬০টি বাস ফেরি পারাপারের অপেক্ষায় ছিল এমন তথ্য দিলেও এর চেয়ে  বেশি যানবাহন ছিল বলে চালকরা জানিয়েছেন।

একাধিক যানবাহন শ্রমিক জানিয়েছেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শনিবার দুপুর ২টা পর্যন্ত ৩ কিলোমিটার জুড়ে যানজট ছিল। তারা জানান, ৪-৫শ যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। অপরদিকে দৌলতদিয়ায় নদী পার হওয়ার অপেক্ষায় ছিল ঢাকাগামী ২ শতাধিক যানবাহন।

তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে বলেও জানিয়েছেন বিআইডবিস্নউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত