নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবলের পর্দা নামল রবিবার। আসরের ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বসুন্ধরা কিংস।
গেল মৌসুমে দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরে আবির্ভূত দলটির এটিই প্রথম ফেডারেশন কাপ শিরোপা। এর আগে গেল মৌসুমে স্বাধীনতা কাপ ও প্রিমিয়ার লিগ শিরোপা জিতলেও ফেডারেশন কাপে রানার্সআপ হয়েছিল কিংসরা।
বসুন্ধরা কিংসের এবারের সাফল্যের অন্যতম কারিগর আর কেউ নন। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফুটবলার দানিয়েল কলিন্দ্রেস। ফাইনালে যিনি জোড়া গোল করেছেন। হয়েছেন টুর্নামেন্ট সেরা। আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ পুলিশের বিদেশি তারকা রিভেরা সিডনি অ্যাডাম। সব মিলে ৪ গোল করেছেন তিনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরস্কার বিতরণী মঞ্চে উজ্জ্বল ছিলেন আরো একজন। তিনি বাংলাদেশ জাতীয় দলের তরুণ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। জোড়া গোল করা কলিন্দ্রেসকে ছাপিয়ে এদিন ম্যাচসেরার পুরস্কার যার হাতে উঠেছে।
যে পুরস্কার হাতে পেয়ে বিশ্বনাথ দেশ রূপান্তরকে বলেন, ‘টিম চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকার মাঠে এটা আমার ক্যারিয়ারে প্রথম কোনো শিরোপা। সেই সঙ্গে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছি। সব মিলে অনুভূতি অন্যরকম।’ ফেডারেশন কাপে পাওয়া আত্মবিশ্বাসকে এখন বঙ্গবন্ধু গোল্ড কাপে বইয়ে নিতে চান বিশ্বনাথ।
এক নজরে ফেডারেশন কাপ ২০১৯
চ্যাম্পিয়ন: বসুন্ধরা কিংস
রানার্সআপ: রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি
ফেয়ার প্লে ট্রফি: মোহামেডান স্পোর্টিং ক্লাব
ম্যাচসেরা: বিশ্বনাথ ঘোষ (বসুন্ধরা কিংস)
টুর্নামেন্ট সেরা: দানিয়েল কলিন্দ্রেস (বসুন্ধরা কিংস)
সর্বোচ্চ গোলদাতা: রিভেরা সিডনি অ্যাডাম (৪ গোল, বাংলাদেশ পুলিশ এফসি)।
