সম্পদ ব্যবস্থাপকের পদ থেকে অপসারণ

এসইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি এল আর গ্লোবালের

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০১:০৩ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রিন ডেল্টা ও ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। গত সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে এক আবেদনে এমন দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চলতি সপ্তাহে এল আর গ্লোবালকে শুনানিতে ডেকে সিদ্ধান্ত জানাবে এসইসি। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৮ ডিসেম্বর সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনে উচ্চ আদালতের স্থিতাবস্থার আদেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর ২২ ডিসেম্বর গ্রিন ডেল্টা ও ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডের দুই-তৃতীয়াংশের বেশি ইউনিটধারীর লিখিত মতামত ও ট্রাস্টির আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পদ ব্যবস্থাপকের পদ থেকে এল আর গ্লোবালকে অপসারণ ও নতুন ব্যবস্থাপক হিসেবে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের নিয়োগে অনুমোদন দেয় এসইসি।

এরপর ওই দুই ফান্ডের সব ধরনের লেনদেন ও বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ বন্ধ করার জন্য সম্পদ এল আর গ্লোবালকে নির্দেশ দেয় ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)। পাশাপাশি ফান্ড দুটির ব্রোকারেজ হাউজের সক্রিয় ও নিষ্ক্রিয় হিসাব ২৯ ডিসেম্বরের মধ্যে দিতে বলা হয়। একই সঙ্গে ওই দুই ফান্ডের সব ব্যাংক হিসাব, চেক বই ও ২৩ ডিসেম্বর ধারণকৃত সব ইউনিটহোল্ডারের তালিকা হস্তান্তর করতে বলা হয়। এরপরই সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এসইসিতে চিঠি দেয় এল আর গ্লোবাল।

এসইসি সূত্রে জানা গেছে, সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার তেমন সুযোগ এসইসির হাতে নেই। কারণ মিউচুয়াল ফান্ড বিধিমালার ৩১ (খ) ধারা অনুযায়ী, দুই-তৃতীয়াংশ ইউনিটধারী চাইলে কোনো কারণ ছাড়াই সম্পদ ব্যবস্থাপক পরিবর্তন করতে পারে ট্রাস্টি। এ ক্ষেত্রে এসইসির খুব বেশি করণীয় নেই। আবার সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের বিষয়ে এল আর গ্লোবালের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। তাই পুনর্বিবেচনার আবেদনের শুনানি হলেও তাতে আগের সিদ্ধান্ত পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত