শীতের ঠাণ্ডা আবহাওয়ায় সুস্থ থাকতে আলমারি থেকে গরম কাপড় বের করে ব্যবহার করছি সবাই। আবার বাজার থেকেও আসছে নতুন পোশাক। শীতে সবার পছন্দ উল, লেদার, পশম ইত্যাদি দিয়ে তৈরি পোশাক। ভিন্নতা অনুযায়ী প্রতিটি কাপড়েরই রয়েছে আলাদা যত্ন। চলুন জেনে নিই শীতের পোশাকের যত্ন নেওয়ার কিছু পরামর্শ
উল : উলের কাপড় ধোয়ার জন্য পানির সঙ্গে ভালো করে ডিটারজেন্ট মিশিয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রেখে হালকাভাবে ধুয়ে ফেলতে হবে। বেশি জোরে কাচা বা নিংড়ানো যাবে না। উলের কাপড় ওয়াশিং মেশিনে ধুতে চাইলে মেশিনের উল মোড চালু রাখতে হবে।
ফ্লানেল : ফ্লানেল কাপড়ও ডিটারজেন্ট মেশানো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেলা যায়। ওয়াশিং মেশিনে ধুতে চাইলে জেনারেল মোড অন রাখতে হবে। এ ক্ষেত্রে ধোয়ার আগে কিছুক্ষণ ভিনেগার পানিতে ভিজিয়ে রাখতে হবে। এতে ফ্লানেল কাপড়ের বাড়তি রং থাকলে চলে যাবে।
পশমি : পশমি কাপড় ওয়াশিং মেশিনে না ধুয়ে শুধু লিকুইড ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিতে হবে। অন্য কাপড়ের সঙ্গে ভিজিয়ে রাখা বা ধোয়া যাবে না। বাসায় ধুতে সমস্যা মনে হলে লন্ড্রি থেকে ড্রাই ওয়াশ করিয়ে নিতে পারেন।
লেদার : লেদারের জ্যাকেট বারবার ওয়াশ না করে অল্প রোদে রেখে ব্রাশ দিয়ে ঝেড়ে নিতে হবে। বছরে দু-একবার ড্রাই ওয়াশ করিয়ে নিলে ভালো। অনেক দিন আলমারির ভেতর রেখে দিলে জ্যাকেটের জিপার জ্যাম হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে জিপারের চেইনে মোম বা নারিকেল তেল ঘষে নিতে হবে।
কাশ্মীরি : কাশ্মীরি শাল বা সোয়েটার লিকুইড ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে চেপে চেপে পানি বের করতে হবে এবং ছায়াযুক্ত স্থানে হ্যাঙ্গারে ঝুলিয়ে শুকাতে হবে। শুকিয়ে গেলে হ্যাঙ্গারে ঝুলিয়ে বা ভাঁজ করে পলিথিন ব্যাগে ন্যাপথলিন দিয়ে রাখুন।
